কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৯ জুন, ২০২৬ এ ০৩:২৯ PM

সচিব

মোঃ দাউদ মিয়া এনডিসি

সচিব

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ



জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি ১৯৬৮ সালের ২০ নভেম্বর ফরিদপুর জেলায় বোয়ালমারী উপজেলার ধোপাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।


জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি ১৯৮৩ সালে শিরগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি এবং ১৯৮৫ সালে নটর ডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি(সম্মান) এবং পরবর্তী বছরে একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন।


তিনি ১৭তম ব্যাচের বিসিএস(প্রসাশন) কর্মকর্তা হিসেবে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় কমিশনার -এর কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২৩শে ফেব্রুয়ারি ১৯৯৮ সালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়ন হন। সেখান থেকে সহকারী কমিশনার(ভূমি) হিসেবে উপজেলা ভূমি অফিস ,অভয়নগর, যশোরে কর্মরত ছিলেন। তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয় এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, বাগেরহাটের শরণখোলা, খুলনার দীঘলিয়া, সিরাজগঞ্জের কামারখন্দ এবং কুষ্টিয়ার খোকশা উপজেলায়- উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সততা,নিষ্ঠা ও কর্তৃপক্ষের সন্তুষ্টি সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরিশাল ও ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি (প্রেষণে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।


তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক(প্রেষণে) ও বাংলাদেশ কপিরাইট অফিসে কপিরাইট নিবন্ধক (প্রেষণে) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোতে মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিগত ০২ এপ্রিল ২০২৬ তারিখে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বাধ্যতামূলক ও কোর কোর্স হিসেবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের(বিপিএটিসি) অধীন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এফটিসি), উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি), সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি) দক্ষতার সহিত সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির- আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের- সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, বাংলাদেশ সেনাবাহিনীর- বিসিএস অফিসার্স ওরিয়েন্টেশন কোর্স-(বিএমএ) সাফল্যের সহিত সমাপ্ত করেন।


দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ হিসেবে(দেশে)-বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন- হাই-টেক পার্ক/জোন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স, বাংলাদেশ ব্যাংকের অধীন- পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ, ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে বিশেষ কোর্স দক্ষতার সহিত সম্পন্ন করেন।


দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ হিসেবে (বিদেশে) - ভারতে- CERTIFICATE OF PROFICIENCY IN WEB DESIGNING ও TWO WEEK MID CAREER TRAINING OF FIELD ADMINISTRATION, জাপানে- নলেজ কো-ক্রিয়েশন কর্মসূচী, অস্ট্রেলিয়াতে- PROFESSIONAL DEVELOPMENT PROGRAM,যুক্তরাষ্টে - POWER GRID SYSTEM-এর উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।


তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে ভারত, মায়ানমার, ফিলিপাইন ,ভিয়েতনাম, জাপান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতে সফর করেছেন।


জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি পারিবারিকভাবে অত্যন্ত সুখী। তাঁর সহধর্মিণী লায়লা রাশিদ একজন গৃহিণী। তাঁরা এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক-জননী।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন